ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি আসরেই তারকাবহুল দল গড়ে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মারকুটে সব ব্যাটারকে দলে ভিড়িয়েও সফল হতে পারেনি দলটি। দুইবার ফাইনাল খেললেও এখন শিরোপা জিততে পারেনি বিরাট কোহলির দল।
চলমান আইপিএলেও ভালো অবস্থানে নেই বেঙ্গালুরু। জয় দিয়ে আসর শুরু করলেও এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে আরসিবি। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে তারা। এবার বেঙ্গালুরু দলকে হুমকি দিয়েছে এক খুদে ভক্ত। বেঙ্গালুরু চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত স্কুলে যাবে না বলে হুমকি দিয়েছে সেই খুদে ভক্ত।
সর্বশেষ বুধবার (২৬ এপ্রিল) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ রানে হেরেছে বেঙ্গালুরু। এই ম্যাচের পর আলোচনায় আসে সেই খুদে ভক্তের ছবি। ছবিতে দেখা যায় তার গায়ে ছিল বেঙ্গালুরুর জার্সি ও হাতে ছিল একটি প্লাকার্ড। সেই প্লাকার্ডে লেখা ছিল ‘আরসিবি আইপিএল না জেতা পর্যন্ত স্কুলে যাব না।’ খুদে ভক্তের হাতে থাকা এমন প্লাকার্ডের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।