প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক দিনে এক একর জমির ধান কেটে দিলো কেন্দ্রীয় কৃষক লীগ। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গেরাজুরের হাওরের কৃষক রমজান মিয়ার এক একর জমির পাকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছেন। স্বেচ্ছায় এই ধান কাটা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
দেশের কৃষি এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ১৯৭১ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। বৃহস্পতিবার কৃষক রমজান মিয়ার এক একর জমির পাকা ধান কাটা কর্মসূচি সম্পন্ন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কৃষকরত্ম শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কৃষকের মুখে হাসি থাকে। তিনি ক্ষমতায় থাকলেও কৃষক লীগকে সাথে নিয়ে কৃষকের পাশে থাকেন এবং ক্ষমতায় না থাকলেও কৃষক লীগকে সাথে নিয়ে কৃষকের সেবায় নিয়োজিত থাকেন। আর বিএনপি-জামাত ক্ষমতায় থাকলে কৃষক হত্যা করে আর ক্ষমতায় না থাকলে কৃষকের ধানের গোলায় আগুন দেয়।
উক্ত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু প্রমুখ।