প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

গাইবান্ধায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয়জন সদস্য আটক

গাইবান্ধা জেলার ২৫টি কেন্দ্রে শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৫ হাজার ৭৬৬ জন পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের বাইরে থেকে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয়জন সদস্যকে আটক করেছে পুলিশ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, গাইবান্ধার সাতটি উপজেলায় সহস্রাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে প্রায় ৬০০টি। এসব শুন্যপদ পুরণের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন জমা পড়ে প্রায় ২৬ হাজার। এরমধ্যে শুক্রবার ২৫ হাজার ৭৬৬ জন পরীক্ষায় অংশ নেয়। জেলা শহর ও আশপাশের ২৫টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী মুঠোফোনে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একঘণ্টা এই পরীক্ষা নেওয়া হয়। 

এদিকে গতকাল পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের বাইরে থেকে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের আটক ছয়জন সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। 

গাইবান্ধা সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শহরের একটি কেন্দ্র থেকে দুইজন ও পলাশবাড়ীর একটি কেন্দ্র থেকে চারজনকে আটক করা হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সেজন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এজন্য তদন্তের স্বার্থে আটককৃতদের নামপরিচয় প্রকাশ করা যাচ্ছে না। এবিষয়ে আজ শনিবার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

ইত্তেফাক/আরকেজি