চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী নোমান বিজয়ী

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়ায় এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ১৯০টি ভোট কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার সময় বিকাল ৪টা। এই আসনে ৫ লাখেরও বেশি ভোটার রয়েছেন।

নগরীর বহদ্দারহাট মোড়ের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে ভোট দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷ সাংবাদিকদের তিনি বলেন, ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

noman al mhamud-2

সকাল ৮টায় নগরীর বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। তিনি বলেন ভোটের সার্বিক পরিবেশ সন্তোষজনক। এ সময় এই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদের প্রধান নির্বাচনী এজেন্ট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও ভোট দেন।

রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। 

noman al mhamud-3

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় দুপুরে চান্দঁগাও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় সাংবাদিকদের বলেন চমৎকার পরিবেশে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী কাজ করছে। জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তাদের দায়িত্ব পালন করছেন।