আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে তিন দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। অনুশীলন সেশনের প্রথম দিন ম্যাচের আবহে ঘাম ঝড়িয়েছে টাইগাররা। অনুশীলন শেষে এমনটায় জানালেন জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম ১০ ওভার এবং শেষ ১০ ওভারে ম্যাচের আবহে ব্যাটিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিভাবে পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগানো যায় সেটি নিয়েই দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মৃত্যুঞ্জয় বলেন, ‘আজকের অনুশীলন সেশনে, কোচ আমাদের প্রথম ১০ ওভার এবং শেষ ১০ ওভারে কীভাবে ব্যাট করতে হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জন্য কোচ ম্যাচের আবহ তৈরি করায় ব্যাটাররা ব্যাট করতে এসে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছে।’
তিনি আরও বলেন, ‘সিলেট ও ইংল্যান্ডের উইকেট প্রায় একই রকম। আজ আমরা যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স ছিল। এখানে পুরোপুরি একই উইকেট পাবেন না তবে কিছুটা মিল আছে। যা আমরা ব্যবহার করার চেষ্টা করছি।’