রাশিয়া থেকে আমদানি করা তেল শিগগিরই পাকিস্তানে পৌঁছাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার( ২৭ এপ্রিল) এ কথা বলেন। খবর জিও নিউজ।
বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দাবির জবাবে জাতীয় পরিষদের অধিবেশন চলাকালে তিনি বলেন, বর্তমান সরকার যদি "বিদেশী ষড়যন্ত্রের" মাধ্যমে ক্ষমতায় আসতো তাহলে রাশিয়া থেকে তেল আমদানি হতো না।
দেশটির পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক গত সপ্তাহে রয়টার্সকে বলেছিলেন ,পাকিস্তান সরকার প্রথনবারের মতো রাশিয়ান অপরিশোধিত তেল ক্রয় করেছে। যার আওতায় চালানবাহী জাহাজ আগামী মে মাসেই করাচি বন্দরে ভিড়বে।
তিনি বলেন , “চুক্তির আওতায়, পাকিস্তান পরিশোধিত তেল নয়, কেবল অপরিশোধিত তেল কিনবে। প্রথম চালান ঠিকভাবে এগোলে রাশিয়া থেকে দৈনিক ১ লাখ ব্যারেল তেল আমদানি করার আশা আছে।”
বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশটির কয়েক সপ্তাহের আমদানির জন্যও যথেষ্ট নয়। তাছাড়া, পাকিস্তানের মুদ্রার মানও ডলারের বিপরীতে অনেক কমে যাওয়ায় অনেকটা সীমিত পরিসরেই আমদানি করতে হচ্ছে দেশটিকে। এমন পরিস্থিতিতেই সরকারের এ সিদ্ধান্ত।