‘প্রেমিক ম্যাও’ নিয়ে অহনা

জনপ্রিয় অভিনেত্রী অহনা প্রতিবছরের মতো এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সেই তালিকায় থাকা ‘প্রেমিক ম্যাও’ নাটকটি আজ চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে। 

Ahona Rahman

নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন এবং পরিচালনায় রয়েছেন মেহেদি রনি। এতে অহনার বিপরীতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। মন্টিদের এলাকায় নতুন একটা মেয়ে এসেছে। মেয়েটার নাম সিমি। একদিন এলাকা দিয়ে হাঁটতে মন্টি দেখে সিমি কোনো এক খোলা স্থানে বসে নিঃশব্দে কাঁদছে। মন্টি উপযাজক হয়ে তার কাছে এগিয়ে যায়। বলা তো যায় না, নতুন এলাকায় এসে তরুণী আবার কোনো সমস্যায় পড়ল কি-না! কিন্তু মন্টি তার সঙ্গে আলাপ করতে গেলেই সিমি আরও জোরে কেঁদে ওঠে। মন্টি সম্মানহানির ভয়ে টুক করে সরে পড়ে। তবে পরের বার যখন দেখা হয় তখন সিমি মন্টিকে স্যরি বলে। আরও বলে, সে আসলে একটা বিষয় খুব সাফার করছে। তার ‘স্যাম’ মারা গেছে বেশ কিছুদিন আগে। ওই শোক থেকে সে এখনও বের হতে পারেনি। মেয়ে যাতে সেই শোক থেকে বের হতে পারে, সেজন্য ওর বাবা পুরনো এলাকা বদলে নতুন এই এলাকায় বাসা ভাড়া নিয়েছে। কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না। স্যামের স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না সিমি, বরং তিলতিল করে ধ্বংস করে দিচ্ছে ওর জীবন। মন্টি জানে এমনই হয়। স্যাম হয়তো সিমির বয়ফ্রেন্ড ছিল, বেচারা কোনো এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন মেয়েটা তার প্রেমিককে ভুলতে পারছে না। প্রচন্ড কষ্ট পাচ্ছে। সিমির মুখে বিস্তারিত শুনে মন্টির মনটা নরম হয়ে ওঠে। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।