রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার (২৮ এপ্রিল) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় তাপমাত্রা প্রশমিত হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় মংলায় সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, বদলগাছী, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল ভোলায় বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সূত্র: বাসস