আর্থিক সঙ্কটে বন্ধ হচ্ছে ‘বার্সা টিভি’র সম্প্রচার

বিগত কয়েক মৌসুম ধরেই ভয়াবহ আর্থিক সঙ্কটে ভুগছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মাঠের খারাপ পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক টানাপোড়নে বার্সার সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না। নিজেদের আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে এবার ক্লাব কর্তৃপক্ষ বন্ধ করে দিতে যাচ্ছে নিজস্ব টেলিভিশন চ্যানেল ‘বার্সা টিভি’র সম্প্রচার। ১৯৯৯ সালে যাত্রা শুরু করার ২৪ বছর পর এসে সম্প্রচার বন্ধ হচ্ছে বার্সা টিভির।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিজেদের দেওয়া এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, আগামী ৩০ জুন বন্ধ হয়ে যাবে টেলিভিশন চ্যানেল বার্সা টিভির কার্যক্রম। যেই টেলেফোনিকার সম্প্রচার সংস্থার মাধ্যমে হতো বার্সা টিভির সম্প্রচার হতো তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হচ্ছে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের ব্যয় কমানোর জন্যই টিভির সম্প্রচার বন্ধ করছে বার্সা। তবে বার্সা টিভির সম্প্রচার বন্ধ হলে সেখানে কর্মরত প্রায় ১৫০ জন কর্মচারী চাকরি হারিয়ে বিপদে পড়ে যাবে।

এর আগে বার্সেলোনা  তাদের প্রোডাকশন কোম্পানি বার্সা স্টুডিওসেরও ২৪.৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল। এবার বার্সা টিভি বন্ধ হওয়ার পর ক্লাবটি বার্সা স্টুডিওসকেই অনলাইন স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগাবে।