সিটি নির্বাচন জাতীয় নির্বাচনের রিহার্সেল: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এই নির্বাচন শুধু সিটি করপোরেশনের নয়, এই নির্বাচন শুধু খোকন সেরনিয়াবাতের নির্বাচন নয়, এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটি রিহার্সেল। এই রিহার্সেলের মধ্য দিয়ে প্রমাণিত হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না। তিনি এই নির্বাচনকে অনুধাবন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  

শুক্রবার বিকেলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী এবং আগামী নির্বাচনে তার জয়কে সুনিশ্চিত করতে হলে সিটি করপোরেশন নির্বাচনের জয়যাত্রা দিয়ে শুরু করতে হবে। তিনি বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয়। এর কয়েক মাস পরেই আমাদের জাতীয় নির্বাচন এবং সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিগত দিনের মতো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করছেন।

এ সময় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নগরীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (জিলা স্কুল) সংলগ্ন এলাকায় এ অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ।