নিউইয়র্ক পুলিশের নির্বাহী পদে পটুয়াখালীর প্রিন্স আলম 

বিশ্বের অন্যতম সেরা ও চৌকস পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী পদ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেলেন বাংলাদেশি-আমেরিকান একেএম শফিউল আলম প্রিন্স। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) সকালে কুইন্সের পুলিশ একাডেমিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন নিউইয়র্ক পুলিশের কমিশনার কিচেন্ট সিওয়েল। 

অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) কর্মকর্তা ও সদস্য এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিন্স আলম বাপা’র বর্তমান সাধারণ সম্পাদক।


2222222  
প্রায় ১৭ বছরের চাকরি জীবনে একেএম শফিউল আলম প্রিন্স পর্যায়ক্রমে অফিসার থেকে সার্জেন্ট, এরপর লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক পুলিশের ট্রান্সপোর্টেশন ব্যুরোর ইন্টেগ্রিটি কন্ট্রোল অফিসার হিসেবে কর্মরত। 

প্রিন্স আলমের গ্রামের বাড়ি বাংলাদেশে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তার বাবা এ কে এম শাহ আলম পেশায় একজন আইনজীবী এবং মাতা জাহানারা আলম গৃহিনী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্মাতকোত্তর ডিগ্রিধারী প্রিন্স আলম ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পুনরায় কুইন্স বরো কমিউনিটি কলেজ থেকে ব্যবস্থাপনা এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন তিনি। ক্রিমিনাল জাস্টিসে পড়াশোনার সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এরপর ২০০৬ সালে নিউইয়র্ক পুলিশের অফিসার পদে যোগদান করেন প্রিন্স। স্ত্রী শর্মি আলম ও দুই সন্তান জুহেব ও জেইনকে নিয়ে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করছেন। 

প্রিন্স আলমের স্ত্রী শর্মি আলম জানান, আমার স্বামী অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী একজন কর্মকর্তা। আমি আমার স্বামীকে পুলিশের সর্বোচ্চ পদে দেখতে চাই।

ddddddddddddddddddddddddddddddd
পদোন্নতির সনদ হাতে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন প্রিন্স আলম বলেন, পুলিশ বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি আমি আমার কমিউনিটিকে সর্বোচ্চ সেবা দিতে চাই। মূলধারায় আমাদের কমিউনিটিকে এগিয়ে নিতে চাই। এ কারণেই নিজেকে প্রস্তুত করছি। 

তিনি বলেন, আমি পুলিশ বিভাগে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমার মতো আরো অনেক বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তারা আছেন, যারা সর্বোচ্চ সেবা দিচ্ছেন নগরবাসীকে। বাংলাদেশি কমিউনিটির পাশে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশি- আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)।

বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের যথেষ্ট সুনাম রয়েছে। পুলিশ বিভাগে বাংলাদেশিরা অনেক ভালো করছেন এবং শীর্ষস্থানীয় নেতৃত্ব দিচ্ছেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে আশা করি।
 
তিনি আরও জানান, বর্তমানে নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সহস্রাধিক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে এ পর্যন্ত ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন ৫জন। এই পদটি পুলিশ বিভাগের নির্বাহী পদ। এর পরের পদগুলো, বিশেষ করে ডেপুটি ইন্সপেক্টর থেকে সর্বোচ্চ পদ কমিশনার নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়। অফিসার থেকে ক্যাপ্টেন পর্যন্ত পদোন্নতি হয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে। 

এদিকে বাপার সাধারণ সম্পাদক একেএম শফিউল আলম প্রিন্স ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কাপ্টেন কারাম চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী।