কক্সবাজারে হোটেল দখল ও লুটপাটের অভিযোগে জেলা ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩১ জনকে আসামি করে পৃথক দু’টি মামলা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) শহরের কলাতলী ডলফিন মোড় এলাকার ওয়ার্ল্ড বীচ রিসোর্টে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা-কর্মীদের দখলদারির প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে হোটেল মালিক ও কর্মচারীরা।
জানা যায়, ২১ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরের নেতৃত্বে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হোটেলের সিকিউরিটি ও ম্যানেজারকে মারধর করে। মনিরের নির্দেশে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাশের ১ লাখ ৭০ হাজার টাকাসহ ৬ লাখ ৭০ হাজার টাকা ও দু’টি মোবাইল ছিনিয়ে নেয় ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় কর্মচারীদের মারধর করে বের করে দিয়ে হোটেল দখলে নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। হোটেল থেকে বের না হলে কর্মচারীদের হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ম্যানেজার শেখ আবদুল্লাহ বাদী হয়ে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন।
পরে এ ঘটনায় আরও একটি মামলা করে হোটেল কর্তৃপক্ষ। মামলায় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
হোটেল ওয়ার্ল্ড বীচ রিসোর্টের মালিক হাজী দেলোয়ার বলেন, ২০১৮ সালে মেজর দেলোয়ার হোসেন খান (অব.) নামের এক ব্যক্তিকে চুক্তির মাধ্যমে ভাড়া দিয়েছিলাম। চুক্তির পর কয়েকমাস ভাড়া ও ভ্যাট পরিশোধ করলেও পরে তা বন্ধ করে দেয়। নিয়মিত পরিশোধ না করায় ৩ কোটি টাকারও বেশি ভাড়া ও ভ্যাটের টাকা বকেয়া পড়ে। চুক্তির শর্ত ভঙ্গ করায় ৩ বার লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি কোনো জবাব দেননি। পরে মেজর দেলোয়ারের বিরুদ্ধে মামলা করে ফ্ল্যাট বুঝে নেওয়া হয়। এতে মেজর দেলোয়ার (অব.) ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের মাধ্যমে হোটেলে হামলা, লুটপাট ও দখলের চেষ্টা চালায়।
অভিযুক্ত মেজর (অব.) দেলোয়ার বলেন, চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত ছিল। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। বরং হাজী দেলোয়ার আমার পরিবারের ওপর হামলা করে উল্টো মামলা দিয়েছে। সে অনেক বড় মাপের প্রতারক।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মারুফ আদনান বলেন, ওই হোটেলে ক্রিকেট টিমের কর্মকর্তা আক্রান্ত হবার খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছি। এ কারণে হোটেল কর্তৃপক্ষ নানা অভিযোগে আমাকে ও নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড বীচ হোটেলে হামলা, দখল, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।