‘এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই কাজ করি’

অভিনয়ের ক্যারিয়ার তার দীর্ঘদিনের। এর ভেতরে নিজেকে একটু একটু করে গুছিয়েছেন মিথিলা। কখনোই তাকে শীর্ষস্থান ধরার ইঁদুর দৌড়ে দেখা যায়নি। বরং নিজের কাজটি মন দিয়ে করে গেছেন তিনি। সাথে নিজের পড়াশোনা ও একজন উন্নয়ন কর্মী হিসেবে দেশ-বিদেশে সারাবছর যেভাবে ছুটতে হয়েছে। এত ধকলে হয়তো অনেকেই ক্ষ্যান্ত দিয়ে বলতেন আর অভিনয় নয়। কিন্তু মিথিলা পেরেছেন। এতকিছু সামলিয়ে নিজের সংসার, মেয়ে আয়রাকে দেখাশোনা আর অভিনয়টা একদম বেছে বেছে করে যাচ্ছেন। এরই ভেতরে দারুণ কিছু কাজ প্রকাশ হতে হতেই যেন এবারের ঈদে সাফল্যের বারুদ জ্বলে উঠলো তার। 

ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ ও  ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পাওয়ার পর যেন নতুন করে উড়ছেন রাফিয়াত রশিদ মিথিলা।  পেয়েছেন দর্শক ও সমালোচকদের প্রশংসা। আরেক সফলতার মুকুট পড়লেন এ অভিনেত্রী। ২০২৩ সালের ইন্দোবাংলা ‘আইকনিক স্টার’ হয়েছেন মিথিলা। শোবিজ জগতের তারকাদের অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানাতে ২০২০ সালে শুরু হয় ইন্দোবাংলা ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’। প্রতিবছর বর্ণিল আয়োজনে তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল কলকাতার কলামন্দিরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্ধশত তারকা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইন্দোবাংলা ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’।

ইন্দোবাংলা ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’-এ ওয়েব সিরিজ মন্টু পাইলটের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। অভিনেত্রী তার ফেসবুক পোস্টে পুরস্কার হাতে নেওয়া তার হাস্যজ্জ্বোল ছবি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে মিথিলার ছবি ‘মায়া’। যার পরিচালক রাজর্ষি দে। এছাড়াও অর্ণব মিদ্দার নারী কেন্দ্রীক ছবি ‘মেঘলা’তে অভিনয় করছেন তিনি। মিথিলা বলেন, ‘যেকোনো শিল্পীর জন্যই ভালো একটি কাজ করা এবং সেই কাজটির জন্য অনুপ্রেরণা পাওয়াটা একটা বড় প্রাপ্তি। শিল্পীরা বাঁচেই এই ভালোবাসাটুকুর জন্য। এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই কাজ করি। সেক্ষেত্রে কাজটি অনেকের ভালো লেগেছে। কলিগদের ভেতরে আমি যাদের কাজ দেখে বড় হয়েছি তারাও যখন এপ্রিশিয়েট করেছেন। তখন তো ভালোলাগাটা বেড়ে যায় আরও।’ উল্লেখ্য, মিথিলার অভিনয়ে মুগ্ধ হয়ে এরই ভেতরে সোশ্যাল মিডিয়ায় সুবর্ণ মুস্তাফা, তারিক আনাম খানসহ অনেকেই দারুণ প্রশংসা করেছেন।