জন্মদিনে নিজের নামে তৈরি হল মন্দির, বসল মূর্তি, অভিভূত সামান্থা

শনিবার (২৮ এপ্রিল) ৩৬-এ পা দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আর জন্মদিনে অনুরাগীদের কাছ থেকে নানান উপহার এসেছে সামান্থার কাছে। তবে যার মধ্যে রয়েছে বিশেষ একটি উপহার, যা পেয়ে অভিভূত অভিনেত্রী। সেই উপহারের কথা শুনলে আপনিও চমকে যাবেন।

জন্মদিনে সামান্থার নামে তৈরি হয়েছে আস্ত একটা মন্দির। যেটি কিনা রয়েছে অন্ধ্রপ্রদেশে। সন্দীপ নামে সেখানকার এক সামান্থা অনুরাগী নিজের বাড়িতেই এই মন্দির বানিয়েছেন। সেখানে রেখেছেন সামান্থার মুখের আদলে তৈরি একটি মূর্তি। যাতে পরানো হয়েছে লাল শাড়ি, সবুজ ব্লাউজ।

samanta 3

সামান্থার জন্মদিনে প্রতিবেশীরা সন্দীপের বাড়িতে এসে সামান্থার মূর্তির সামনেই কেক কাটেন। সন্দীপের কথায়, তার ইচ্ছা ছিল বড় মন্দির বানানোর, তবে টাকার অভাবে সেটা সম্ভব হয়নি। তার কথায়, সামান্থা নিজে সবসময় দুঃস্থদের পাশে দাঁড়ান, অনেকের হার্টের অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন, তার এই মানসিকতার জন্য উনি আমার এত প্রিয়।

অন্ধ্রপ্রদেশে সন্দীপের বাড়িতে নাকি শুধু সামান্থার মূর্তি নয়, রয়েছে নয়নতারা, খুশবু, নিধি আগরওয়াল, সোনু সুদের মূর্তিও। জন্মদিনে এমন উপহার পেয়ে অভিভূত অভিনেত্রী।