শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতিদের প্রথম ম্যাচে বৃষ্টির জয়

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের তিন ওয়ানডে ও পরে সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর গত ২৭ এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে খেলা একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে অতি বৃষ্টির কারণে এ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

গতকাল কলম্বোর পি সারা ওভালে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে ব্যাটিংয়ে নেমে বেশি একটা সুবিধে করতে পারেনি তারা। বাংলাদেশের নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বৃষ্টি নামার আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলে হার্শিথা জয়াবিক্রমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার জাহানারা আলম। 

পাওয়ার প্লের ভেতর আরেক ওপেনার ভিশমি গুনারত্নেকে সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।  এরপর বিরতি দিয়েই উইকেট হারাতে থাকে তারা। এতে করে দলীয় ৯০ রান হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। শঙ্কা দাঁড়ায় অল্পরানেই গুটিয়ে যাওয়ার। তবে বৃষ্টি এসে তাদের কিছুটা রক্ষা দেয়। খেলার ৩৭তম ওভারে হানা দেয় বৃষ্টি। এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি। আম্পায়াররা তাই ম্যাচটি পরিত্যক্তের ঘোষণা দেন। দিলহারি ৩০ ও রানাসিংহে অপরাজিত ছিলেন ১৪ রানে। এই মাঠেই আগামী ২মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।