পাহাড় থেকে ফের দুই কৃষক অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে আবারও দুই কৃষক অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণ চেষ্টায় ব্যর্থ হয়ে আরও দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার পাহাড় থেকে তাদেরকে অপহরণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩৩) ও সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)। 

ইউপি সদস্য রফিক আহমদ বলেন, রোববার সকালে জাহাজপুড়া এলাকার পাহাড়ে ৪ কৃষক পানের বরজে কাজ করতে যান। এ সময় অস্ত্রধারী ১০-১৫ জনের ডাকাতদল তাদের অপহরণের চেষ্টা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে রহিম উদ্দিন ও রেদুয়ান নামে দুই কৃষককে অপহরণ করতে পারলেও আব্দুল্লাহ ও আব্দুল আমিন নামের অপর দু’জনকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তারা দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, কয়েক মাস আগেও একই এলাকা থেকে ৮ কৃষককে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ দিয়ে তাদের ফেরত নিয়ে আসা হয়। তবে রোববার সকালে নিয়ে যাওয়া কৃষকদের বিষয়ে এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি। 

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, অপহরণের বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।