কুষ্টিয়ার দৌলতপুরে দুর্গমচরে রাস্তা নির্মাণ কেন্দ্র করে খাঁ গ্রুপ ও মণ্ডল গ্রুপের সংঘর্ষে ও পেট্রোল ছিটিয়ে বাড়িতে অগ্নি সংযোগে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দুপুরের দিকে চিলমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনু মণ্ডল (৭০) ও আক্তার মণ্ডল (৩৬)। এদিকে দুজনের মৃত্যু ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে।
জানা গেছে, আধিপত্য বিস্তার ও এলাকার রাস্তা নির্মাণে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে ২৭ এপ্রিল বিবাদমান ঐ দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলার সময় উভয় গ্রুপের লোকজন এক অপরের ওপর লাঠিপেটা করে বেপরোয়া আক্রমণ চালায়। একপর্যায়ে খাঁ গ্রুপ সমর্থকরা প্রতিপক্ষ মণ্ডল গ্রুপের লোকজনের বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মণ্ডল গ্রুপ সমর্থক দিনু মন্ডল, আক্তার মন্ডলসহ ৬ জন অগ্নিদগ্ধ হন। এছাড়া এই হামলা ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১৮/২০ জন আহত হন। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অগ্নিদগ্ধ দিনু মন্ডল ও আক্তার মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়। চিকিৎসার একপর্যায়ে তারা দুজন রোববার দুপুরে মারা যান।
এদিকে অগ্নিসংযোগ ও হামলা ঘটনায় দৌলতপুর থানায় ৭৩ জন ও অজ্ঞাত ১২০ জনের নামে মামলা হয়েছে। পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ১৫ আসামির সবাই রোববার জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। এদিকে দুজনের মৃত্যু ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুনরায় দু’পক্ষোর সংঘর্ষের আতঙ্কে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মজিবর রহমান জানান, এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ পুলিশি নিয়ন্ত্রণে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।