অসুস্থ বৃদ্ধাকে মারধর, কলকাতায় নার্স গ্রেফতার

বৃদ্ধাকে মারধরের ঘটনায় এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নার্সের নাম সংযুক্তা পাইক। ভারতের কলকাতার গাঙ্গুলিবাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেন বৃদ্ধাকে মারা হতো তা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঙ্গুলিবাগান এলাকার বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা সুকুমারী সাহা বেশ কয়েক বছর ধরে অসুস্থ। তার ব্রেন স্ট্রোক হয়। তারপর থেকেই তিনি শয্যাশায়ী। বৃদ্ধা মায়ের দেখার জন্য বড় ছেলে উত্তম সাহা একজন করে নার্স এবং আয়া রাখেন। 

উত্তম সাহা বলেন, নার্স সংযুক্তা গত চার মাস ধরে দিনের বেলা মায়ের দেখাশোনা করতেন। বেশ কিছু দিন ধরেই দেখছিলাম মায়ের সারা গায়ে কালশিটে দাগ। সংযুক্তাকে জিজ্ঞেস করলেই তিনি বলতেন, পাশ ফেরার সময় বিছানার রেলিংয়ে ধাক্কা লেগে কালশিটে পড়েছে।

আরো পড়ুন: বোলিংই আমাদের পরাজয়ের কারণ : মাশরাফি

গত ১৯ জুন সুকুমারী দেবীর মুখে বেশ কয়েকটি কালশিটের দাগ দেখতে পান উত্তমসাহার ছেলে হ্যাপি সাহা। এরপর বৃদ্ধার ঘরের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখেন তিনি। আর তাতেই দেখা যায়, বৃদ্ধাকে চুলের মুঠি ধরে মারধর করছেন সংযুক্তা। এক বার নয়, একাধিক বার সুকুমারী দেবীকে মারতে দেখা গিয়েছে তাকে। 

এরপর পাটুলি থানায় ওই নার্সের নামে এফআইআর করেন হ্যাপি সাহা। গ্রেফতার করা হয় সংযুক্তা পাইককে। 

পাটুলি থানার এক আধিকারিক বলেন, ‘অভিযোগ পেয়েই আমরা ফুটেজটা খতিয়ে দেখি। তারপর ওই নার্সকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় মারধরের কথা তিনি স্বীকারও করেছেন।’

ইত্তেফাক/জেডএইচ