আগামী ৬ মাসের জন্য জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হাবিপ্রবি-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মো. রাজু প্রামানিক ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. মিনহাজুল ইসলাম (আবিদ)।
জয়পুরিয়ান ট্রাস্ট ও জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেডিসাব) এ কমিটি অনুমোদন দেয়।
১৯ এপ্রিল হাবিপ্রবির জয়পুরহাট জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এক ইফতার মাহফিলে এ কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রায় ৮০ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। ঈদের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করে সংগঠনটি।
জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেডিসাব) এর আহ্বায়ক ডা. আব্দুল সিদ্দিক হাই আপন, সদস্য সচিব মো. তানভীর, হাবিপ্রবি প্রথম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ফিজু এবং ২য় ব্যাচের হুমায়ুন কবির এ কমিটিতে স্বাক্ষর করেন।
নবগঠিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন প্রফেসর ড. ফেরদৌস মেহবুব, ড. এম. জি. এ. রানা এবং সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি রাজু বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার পর এ প্লাটফর্মের যাত্রা শুরু হলো। হয়তো সবার নাম সেভাবে সামনে আসেনি বা কমিটিতে স্থান পায়নি, তবে সেসব পেছনের ব্যক্তি, শিক্ষক, সিনিয়রদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকবে। আপনাদের এ সমর্থন ও দিকনির্দেশনাকে পাথেয় করে সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম বলেন, '২০১৮ সালে ভর্তির পর দেখেছি এখানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী পড়তে আসতো জেলা থেকে। যদিও বর্তমানে দু'শতাধিক শিক্ষার্থী বিভিন্ন অনুষদে পড়াশুনা করছেন। তাদের সমস্যা-সম্ভাবনায় একত্রে পথ চলতে শুরু থেকেই একটি প্লাটফর্মের প্রয়োজন ছিল। বনভোজন, দরিদ্র মেধাবীদের সহায়তা, ত্রাণ ও মানবিক সহায়তা ইত্যাদি আয়োজন ছিল নিয়মিত। নিজ জেলার স্বকীয়তা, বৈশিষ্ট্য, চিন্তাধারা অক্ষুণ্ণ রাখতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সকলের অক্লান্ত পরিশ্রম ছিল সর্বদা। অবশেষে একটি প্লাটফর্মের যাত্রা শুরু হলো আমাদের মাধ্যমে। এর ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই প্রত্যাশা থাকবে।'
উল্লেখ্য, জয়পুরহাট জেলার সাবেক শিক্ষার্থীদের এ কমিটিতে উপদেষ্টা রাখা হয়েছে এবং নতুন ব্যাচের শিক্ষার্থীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।