আইসক্রিম খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলীর পৌরঘোযায় আইসক্রিম খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ পৌরঘোযার নুরুজ্জামানের ছেলে।

সোমবার (১ মে) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির সামনের সড়কে গুরুতর আহত অবস্থায় জুনায়েদকে দেখতে পায় স্থানীয়রা। তাকে উদ্ধার করে কুয়াকাটা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসরা প্রাথমিকভাবে ধারনা করছেন কোমড়ে গুরুতর আঘাতের ফলে শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, আইসক্রিম আনতে রাস্তায় গিয়ে কোনো যানবাহনের সাথে ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আইসক্রিমও পাওয়া গেছে। তবে কাউকে বা কোনো যানবাহনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মহিপুর থানার ওসি খোন্দকার মো: আবুল খায়ের বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।