করোনা পরবর্তী সময়ে মুক্তি পাওয়া ‘বাধাই দো’ সিনেমাটি বক্স অফিস সেভাবে মাত করতে পারেনি। তবে সিনেমাটিতে ভূমি পেডনেকারের অভিনয় দর্শক-সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়। যার স্বীকৃতি পেলেন ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসরে। সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার ঘরে তুলেছেন ভূমি।
শুধু ভূমি নন, তার সহ-অভিনেতা রাজকুমার রাওয়ের দখলেও গেছে সেরা অভিনেতা (সমালোচক) পুরস্কারটি। এছাড়া ভূমির ‘বাধাই দো’ জয় করে নিয়েছে সেরা চলচ্চিত্র (সমালোচক)সহ বেশ কয়েকটি পুরস্কার।
সব চেয়ে বড় কথা, এবারের আসরে বেশিরভাগ পুরস্কার নিজের করে নিয়েছে আলিয়ার ‘গাঙ্গুবাঈ কদিয়াদি’ ও ‘বাধাই দো’ সিনেমা দুটি। নিজের এমন সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত ভূমি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তৃতীয়বার! বাধাই দো চিরকাল আমার হৃদয়ে খোদাই করা থাকবে। সৃষ্টিকর্তা, আমার পরিবার, বন্ধুবান্ধব, সকল চলচ্চিত্র নির্মাতা এবং আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। শুরু থেকেই সিনেমাটির জন্য সকলের ভালোবাসা আর ভালোবাসাই পাচ্ছি। কীভাবে তাদের ভালোবাসার মূল্যায়ন করব জানি না। তবে এটুকু জানি, সামনে আরও ভালো কিছু দিতে চাই তাদের। এভাবেই পাশে থাকবেন সবাই। ভালোবাসা সবার প্রতি।’
এদিকে চলতি সময়ে ‘আফওয়া’, ‘দ্য লেডি কিলার’, ‘মি লেলে’সহ হাফ ডজনের বেশি বিগ বাজেটের আলোচিত সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন সামনের দিনগুলো ভূমির ক্যারিয়ারের আমূল বদলে দেবে।