আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন আগেই। ওদিকে সামনেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড সিরিজ। লিটন দাস তাহলে বাংলাদেশ দলের সঙ্গেই ইংল্যান্ডে যাত্রা করবেন- এমন একটা সম্ভাবনার কথা শোনা গেলেও সেটি হয়নি। দুই ভাগে ভাগ হয়ে ইউরোপের দেশটিতে গেছেন ক্রিকেটাররা। দুই গ্রুপের কোনোটিতেই নেই লিটন! তাহলে তিনি কবে যাবেন ইংল্যান্ডে? আইপিএলে ব্যস্ত মুস্তাফিজুর রহমান কিংবা যুক্তরাষ্ট্রে ছুটিতে থাকা সাকিব আল হাসানই-বা কবে যোগ দেবেন দলের সঙ্গে?
ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তামিম ইকবালরা দুই ভাগে যাত্রা করেছেন। দেশ থেকে সবাই গেলেও লিটন যাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ মে) ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন এই উইকেটকিপার ব্যাটার। ওইদিন রাত ১১টায় তার ঢাকা ছাড়ার কথা।
২০২৩ সালের আইপিএল নিলামে ভিত্তিমূল্যের ৫০ লাখ রুপিতে কলকাতা কিনে নেয় লিটনকে। সাকিব আল হাসানের পর আরও এক বাংলাদেশি ক্রিকেটারের ‘ঘর’ হয় কলকাতা। সেই থেকে আইপিএলের অপেক্ষা, কবে কেকেআরের জার্সিতে দেখা যাবে লিটনকে! কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় অপেক্ষার সময় কেবল দীর্ঘই হচ্ছিল।
টিভি কিংবা মোবাইলের সামনে অপলক দৃষ্টি নিয়ে বসে পড়েন ক্রিকেটভক্তরা। লিটনের দারুণ সব শট উপভোগের আশায় তারা। কিন্তু কিছুই হলো না। শুরুতেই আশাভঙ্গ। একটি বাউন্ডারি যদিও মেরেছেন, তবে যেভাবে আউট হয়েছেন, লিটন নিজেই হয়তো হতাশ! মুকেশ কুমারের শর্ট বল মারতে গিয়েও কেন জানি মারলেন না। বৃত্তের ঠিক বাইরে স্কয়ার লেগে ধরা পড়েন মাত্র ৪ রানে।
এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ব্যস্ত থাকা মুস্তাফিজও সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ওই ম্যাচের আগেই দলে যোগ দেবেন মুস্তাফিজ ও সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নামবে ৯ মে। পরের দুই ওয়ানডে যথাক্রমে ১২ ও ১৪ মে। তিনটি ম্যাচই হবে চেমসফোর্ডের এসেক্স কাউন্টি গ্রাউন্ডে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।