কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। সোমবার (১ মে) ফোনালাপে দুই নেতা প্রতিরক্ষাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর ট্রুডো এক টুইট বার্তায় জানান, যতদিন ইউক্রেনের সাহায্যের প্রয়োজন হবে, ততদিন কানাডা সাহায্য করবে। তিনি ইউক্রেনের নেতাকে বলেন, 'আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে কানাডা ইউক্রেনকে সামরিক, মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।'
এদিকে জেলেনস্কি এক টুইট বার্তায় জানান, তারা 'দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি' নিয়ে আলোচনা করেছেন। যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গত মাসে আটটি লেপার্ড-২ ট্যাংক পাঠায় কানাডা।
ফেব্রুয়ারিতে অটোয়া ঘোষণা করেছিল, তারা কিয়েভকে প্রতিশ্রুত ট্যাঙ্কের সংখ্যা দ্বিগুণ করবে। ট্রুডো গত মার্চে জানিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধ প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য তাদের মিশন অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তারা মেডিকেল প্রশিক্ষকও নিয়োগ করছেন।
অটোয়া গত বছর ইউক্রেনকে এক বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যার মধ্যে রয়েছে সাঁজোয়া যান, বিভিন্ন ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, হভিৎজার, লেপার্ড-২ ট্যাংকসহ আরও অনেক অস্ত্র।