ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে যুবলীগের কমিটিতে পদায়নের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিপন আহমেদ ও রাসেল নামে ধর্ষণ এবং হত্যা মামলার আসামিকে পদায়নের অভিযোগ উঠেছে। রোববার (৩০ এপ্রিল) উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল স্বাক্ষরিত পৌর ও উত্তর ইউনিয়নের যুবলীগের কমিটিতে তাদেরকে পদায়ন করা হয়। বিতর্কিত এসব লোকদের নিয়ে কমিটি ঘোষণা করায় সমালোচনার ঝড় উঠেছে।

অভিযুক্ত শিপন আহমেদ গৃহবধূ ধর্ষণ মামলার আসামি। তাকে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অপরদিকে রাসেল বহুল আলোচিত টেক্কা হত্যা মামলার আসামি। তাকে উত্তর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।  

জানা যায়, যুবলীগ নেতা শিপন আহমেদের বাড়িতে ভুক্তভোগী ওই গৃহবধূ ভাড়া থাকতেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে শিপন স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূকে বিরিয়ানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তার শিশু সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দেয় যুবলীগ নেতা শিপন আহমেদ। ২৬ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শিপন আহমেদকে আসামি করে আখাউড়া থানায় মামলা করে। ওই মামলায় শিপন বর্তমানে জামিনে রয়েছে। 

344298055_1187192885188488_5451046559932896025_n

অপরদিকে, এ বছরের ১৭ মার্চ  বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল হেকিম ওরফে টেক্কা (৩২) নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রুপসা বেগম রাসেলকে প্রধান আসামি করে হত্যা মামলা করে। বর্তমানে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে রাসেল। 

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল সত্যতা নিশ্চিত করে বলেন, মানুষের ত্রুটি বিচ্যুতি থাকবেই। আমার দলের লোক অপরাধ করলে সবচেয়ে বেশি শাস্তি হওয়া উচিত। তার থেকে মানুষ শিক্ষা নিবে।