জোড়া হত্যার রেশ না কাটতেই ফের জোড়া খুন  

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও পেট্রল ছিড়িয়ে আগুন ধরিয়ে জোড়া খুনের রেশ না কাটতেই মঙ্গলবার সকালে (২ এপ্রিল) উপজেলার হোগলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক জাকির মোল্লাকে (৪৮) কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষ। 

এছাড়া অপহরণের এক সপ্তাহ পর একই দিন সন্ধ্যায় পুলিশ মারুক (৩১) নামের যুবকের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দৌলতপুরে চার খুনের ঘটনা ঘটলো। এদিকে একের পর এক খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।   

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, উপজেলার কল্যাণপুর গ্রামের কৃষক জাকির মোল্লার সঙ্গে একই এলাকার আবু মন্ডলের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে জাকিরের সঙ্গে প্রতিপক্ষ আবু মন্ডল ও তার সমর্থদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তুমুল উত্তেজনাকর অবস্থায় প্রতিপক্ষ লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাকির মোল্লাকে উপর্যুপরি কুপিয়ে পৈশাচিকভাবে হত্যা করে। 
 
কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম জানান, স্থানীয়দের বিরাজমান দ্বন্দ্বের জের ধরে পৃথক দুটি ঘটনায় তিন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ পুলিশি নিয়ন্ত্রণে। হত্যাকারীরা আইনের হাত থেকে কোনভাবেই রেহাই পাবে না বলে জানান তিনি।