কোহলির কাটা ঘায়ে নুন ছিটালেন আফগান নাভিন

ক্রিকেট দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝগড়া। গত সোমবার আইপিএলের ম্যাচ শেষে ঝগড়ায় লিপ্ত হন ভারতের দুই ক্রিকেটার। দুজনে এতটাই ক্ষিপ্ত ছিলেন যে, সতীর্থরা এগিয়ে এসে বাধা না দিলে হাতহাতির ঘটনাও ঘটে যেতে পারত! ঐ ঝগড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও লখনৌ সুপার জায়ান্টের মেন্টর গৌতম গম্ভীরের শাস্তি হিসেবে দুজনেরই ম্যাচ ফির পুরোটা কেটে নেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি জুটেছে তিরস্কারও। এই অবস্থার মধ্যেই কোহলির কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন লখনৌর আফগান পেসার নাভিন-উল হক। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নাভিন-উল হক কোহলিকে খোঁচা মেরে স্ট্যাটাস দিয়েছেন, ‘যেমন কর্ম, তেমন ফল। এটাই সত্য। এমনটাই হয়ে থাকে।’

সামাজিক যোগাযোগের মাধ্যমে নাভিন-উল হকের এই আক্রমণ যে কোহলিকে উদ্দেশ্য করেই, সেটি সহজেই অনুমেয়। পরশুর ম্যাচ শেষে কোহলি-গম্ভীরের মধ্যে যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, ঐ ঘটনার সূত্রপাত নাভিন-উল হককে নিয়েই! আরো একটু স্পষ্ট করে বলা হয়, কোহলির সঙ্গে মূল বাদানুবাদটা হয় নাভিন-উল হকেরই। পরে গম্ভীর তেড়ে এসে তাদের সেই ঝগড়ায় জড়িয়ে গেছেন। কোহলি ও নাভিন-উল হকের মধ্যে বাদানুবাদ হয় মাঠেই, খেলা চালাকালে। তাও এক বার নয়, দুই বার। কোহলিদের বেঙ্গালুরুর ১৮ রানে জেতা ম্যাচে লখনৌয়ের হয়ে নাভিন-উল হক ব্যাটিং করার সময়ই দুজনের বাদানুবাদের শুরু। নাভিন-উল হক যখন আউট হলেন, স্বভাবসুলত ভঙ্গিতে বুনো উল্লাস করেন কোহলি। তার সেই উল্লাসভঙ্গি স্বাভাবিকভাবেই ভালো লাগেনি নাভিনের। তবে তখন নাভিন-উল শুধু আড় চোখে তাকিয়েই তার জবাব দেন! এ ঘটনার সূত্র ধরেই কি না ম্যাচ শেষে হাত মেলানোর আগে দুই জনে বাদানুবাদে জড়িয়ে পড়েন।

ভিডিওতে দেখা যায়, হাত মেলানোর সময় নাভিন-উল হক কিছু একটা বলছেন কোহলিকে। পরে কোহলিও কিছু একটা বলেন। তবে হাত মিলিয়ে নাভিন-উল হক বেরিয়ে যাওয়ার সময় কোহলি তার মুখ ঘুরিয়ে কিছু একটা বলেন। নাভিন-উল হকও মুখ ঘুরিয়ে কোহলির দিকে গরম দৃষ্টিতে তাকান। এর পরই দুজনের মধ্যে শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্য বিনিময়।