১৫ কৃষকের জমি জবরদখল করে রাস্তা

ঝিনাইদহের কালীগঞ্জে সিমলা গ্রামে ১৫ জন কৃষকের প্রায় ২ বিঘা ফসলের জমিতে না জানিয়ে রাস্তার তৈরির অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে ফসল নষ্ট করে ভেকু মেশিন দিয়ে সড়ক তৈরি করে ওই গ্রামের প্রভাবশালীরা। 

সরেজমিনে ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউকে না জানিয়ে পুকুরিয়া গ্রামের প্রভাবশালী কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে। আগে এখানে কোনো রাস্তায় ছিল না। বৃহস্পতিবার মধ্যরাতে সিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরীর নেতৃত্বে এই রাস্তা তৈরি করা হয়। রাস্তাটি দৈর্ঘ্য প্রায় আটশ ফুট। রাস্তা তৈরির সময় ২০টি মেহগনি গাছ, আখ ক্ষেত ও মরিচ গাছ নষ্ট করা হয়। এই রাস্তা তৈরিতে ছোট শিমলা গ্রামের মোমিন হোসেন, জাকির হোসেন, সিরাজ হোসেন, বিল্লাহ হোসেন, আব্দুল মান্নান, ওলিয়ার রহমান, খোকন মাস্টার, সলেমান হোসেন, বাহার আলী, পিন্টু মেম্বর, মন্টু হোসেন, হামিদুর রহমান প্রায় ১৫জন কৃষকের জমি জবরদখল করা হয়েছে।  

আরও পড়ুন: সরফরাজকে নিয়ে ভক্তের কটুক্তি, সমালোচনার ঝড়

ভুক্তভোগী ছোট শিমলা গ্রামের আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার রাত ১২টার পর মাটি কাটা ভেকু মেশিন নিয়ে পুকুরিয়া গ্রামের লোকজন আমাদের জমিতে রাস্তা বানিয়েছে। রাস্তা করার ব্যাপারে আমরা কিছু জানি না। ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বর কেউ আমাদের এ ব্যাপারে জানায় নাই। তিনি অভিযোগ করে বলেন, ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে এই রাস্তা করা হয়েছে। 

এ ব্যাপারে ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরী বলেন, ঘটনা শুনে সকালে দেখতে গিয়েছিলাম। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবো।

ইত্তেফাক/অনি