ভারতে নির্মীয়মাণ যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তমে আগুন লেগে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মাজগাঁও ডকইয়ার্ডে। ওই ব্যক্তির নাম ব্রজেশ কুমার। দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
মুম্বাইয়ের মাজগাঁও ডক ভারতের একমাত্র বন্দর যেখানে সাবমেরিন তৈরি হয়। জানা গিয়েছে, এই বন্দরে নির্মাণের কাজ হচ্ছিল আইএনএস বিশাখাপত্তমের। ২০১৫ সালের ২০ এপ্রিল জাহাজটি তৈরি শুরু হয়। ২০২১ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।
কাজ ঠিকঠাকই চলছিল। আচমকাই সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ এর দ্বিতীয় ও তৃতীয় ডেকে আগুন ধরে যায়। জাহাজের এসি থেকে থেকেই আগুন লেগেছে বলে অনুমান।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান নৌসেনারাও। জরুরি অবস্থার জন্য গাড়িও নিয়ে আসা হয়। আগুন এখন নিয়ন্ত্রণে।
আরও পড়ুনঃ ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার
দমকল কর্মকর্তা পি এস রাগঅংডালে জানিয়েছেন, ৫টা ৪৪ মিনিটে আইএনএস বিশাখাপত্তমের দ্বিতীয় ডেকে আগুন লাগে। ক্রমে তা তৃতীয় ডেকে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা জাহাজ। শ্বাসরুদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়।
ইত্তেফাক/টিএস