কলেজছাত্রীকে সিঁদুর পরাতে গিয়ে হাতেনাতে ধরা, গণধোলাই 

ঝিনাইদহের কালীগঞ্জে এক কলেজছাত্রীকে সিঁদুর পরিয়ে বিয়ে করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে তপন কুমার ঘোষ (৪৫) নামে এক বখাটে। বুধবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ শহরের ফয়লা এলাকায় এ ঘটনা ঘটে। 

এরপর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এসময় তার পকেট থেকে সিঁদুরের কৌটা উদ্ধার করা হয়েছে। তপন কুমার ঘোষ উপজেলার খেদাপাড়া এলাকার গোপাল চন্দ্র ঘোষের ছেলে। তার একটি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, তপন ঘোষ অনেক দিন ধরে ওই শিক্ষার্থীর পিছু লাগে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কোলা সড়ক দিয়ে কলেজে যাচ্ছিল একাদশ শ্রেণির ৩ শিক্ষার্থী। এ সময় তাদের পিছু নেয় তপন কুমার ঘোষ নামের ওই বখাটে। হঠাৎ ফয়লা এলাকায় পেছন দিক থেকে একটি মেয়েকে ঝাপটে ধরে কপালে সিঁদুর পরাতে যায়। এ সময় ভিকটিম ও তার দুই বান্ধবীর চিৎকারে মাঠে কাজ করা স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের আসা দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তপন। স্থানীয় কয়েকজন তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলে। এরপর কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এর আগেও এই কলেজ শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ ভিকটিমের পরিবারের।  
   
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তপন কুমার ঘোষের বিরুদ্ধে মামলা করেছেন।