পুতিনকে হত্যাচেষ্টার দাবি উড়িয়ে দিলেন জেলেনস্কি

রাশিয়া দাবি করেছে, ইউক্রেন ড্রোন দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলার চেষ্টা চালিয়েছে। তবে রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

এ নিয়ে জেলেনস্কি বলছেন, আমরা মস্কো বা পুতিনের ওপর হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম এবং শহরকে রক্ষা করছি। 
এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা দুইটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি দেশটি হুমকি দিয়েছে, সময়অনুযায়ী তারা এর জবাব দেবে।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়,  মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটো ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে।

মস্কো জানায়,  এই হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য তারা ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে।

ক্রেমলিন বলছে,  যে দুটো ড্রোনের সাহায্যে এই হামলা চালানোর চেষ্টা করা হয়, সেগুলোকে রুশ প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দিয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র বলেন,  সেসময় পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং হামলায় ভবনের কোনো ক্ষতি হয়নি।