লিটনের পরিবর্তে যাকে দলে ভেড়াল কলকাতা

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে লিটনের প্রথম আইপিএল যাত্রাটা খুব একটা সুখের হয়নি। মাত্র এক ম্যাচ খেলেই আইপিএল থেকে দেশে ফিরে আসেন লিটন। এবার তার বদলি হিসেবে নতুন করে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। 

জাতীয় দলের ব্যস্ততার কারণে এমনিতেই আইপিএলে পুরো মৌসুম খেলতে পারতেন না লিটন দাস। এর মধ্যেই কলকাতার হয়ে মাত্র এক ম্যাচ মাঠে নামার সুযোগ পেয়েই আবারও একাদশ থেকে ছিটকে যান তিনি। এরপর জরুরী পারিবারিক কারণে নির্দিষ্ট সময়ের আগেই দেশে ফিরে আসেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার। 

লিটনের পরিবর্তে কলকাতা অন্য কাউকে দলে নেবে কিনা সেটি নিশ্চিত ছিলো না। তবে তার পরিবর্তে ক্যারিবিয়ান ওপেনার চার্লসকে দলে ভেড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। লিটনের মতোই ৫০ লাখ রুপিতে চার্লসকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। 

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এর আগে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইঝি লিগে খেলেছেন চার্লস।