নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার লোচনপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আফরান আহাদ (১৭) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা আহমেদ (২০)।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে ৩ যুবক বাড়ির পাশে গাছে আম পাড়তে গেলে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ি ফেরার পথে বজ্রপাতে আফরান আহাদ ও রানা আহমেদ এবং শিমন আহমেদ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ৩ জকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরান আহাদ ও রানা আহমেদকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত শিমন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গাজী সিদ্দিক বলেন, বজ্রপাতের ঘটনায় ৩ জনকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই দু’জনের মৃত্যু হয়। শিমন নামের একজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।