রূপগঞ্জে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম ইলিয়াস আলী (৩৫)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই জনে। বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আমাদের এখানে দগ্ধ অবস্থায় ছয়জন এসেছিলেন। এদের মধ্যে ইলিয়াস আলী নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিলো।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়। পরে শঙ্কর নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩) নামের চার জন চিকিৎসাধীন রয়েছেন।