ঝালমুড়ি বেচেই চলছে সাবের মিয়ার সংসার

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের ঝালমুড়ি বিক্রেতা সাবের  মিয়া (৩৫)। দীর্ঘ ২৫ বছর ধরে বিক্রি করছেন ঝালমুড়ি। ১ টাকা থেকে বিক্রি শুরু করেছিলেন, এখন সর্বনিম্ন ১০ টাকায় বিক্রি করেন ঝালমুড়ি। এই ঝালমুড়ি বিক্রি করেই চলছে তার ৪ জনের সংসার।

সাবের  মিয়ার ঝালমুড়ি খেতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিপুর শেখ রাসেল সেতুর উপর ছুটে আসেন নানা বয়সী মানুষ। বিকেল থেকে শুরু হয় তার ঝালমুড়ি বেচা। চলে রাত ৯ টা পর্যন্ত। প্রতিদিন গড়ে ৪-৫ হাজার টাকার ঝালমুড়ি বিক্রি করেন সাবের  মিয়া।

ঝালমুড়ি খেতে আসা হাসান বলেন, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে তার ঝালমুড়ি খাই। এখন আমার বয়স ২৭ এখনও নিয়মিত তার ঝালমুড়ি খাই। তার হাতের ঝালমুড়ির স্বাদ অতুলনীয়।

কুয়াকাটা থেকে আশা মাসুদ পারভেজ সাগর বলেন, ৩০ টাকা গাড়ি ভাড়া দিয়ে মহিপুরে এসেছি তার ঝালমুড়ি খেতে। ঝালমুড়ি খাওয়ার পরে গাড়ি ভাড়া উশুল হয়ে যায়।

ঝালমুড়ি বিক্রেতা সাবের মিয়া বলেন, ছোটবেলা থেকেই ঝালমুড়ি বিক্রি করছি। এই টাকায় বেশ ভালোভাবেই চলছে তার সংসার। তবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে কিছুটা পিছিয়ে পরেছেন তিনি।