ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে বিরোধে ইউএনও’র ওপর হামলা হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) ভোরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ডুমাইন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ আছাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের মো. মাহাফুজ মোল্যা ছেলে মো. প্রিন্স মোল্যা, শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলাম।
জানা যায়, বৃহস্পতিবার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা করা হয়। হামলায় ইউএনওসহ ৮ জন আহত হয়। এ সময় ইউএনও ও তার সঙ্গে আসা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ইউএনও’র গাড়ির ড্রাইভার মো. সুমন শেখ বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা করেন। এছাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে এসআই প্রবীর কুমার সরকার বাদী হয়ে আরও একটি মামলা করেন। দু’টি মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ইউএনও’র ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ডুমাইন ইউনিয়নের চেয়ারমান শাহ আসাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের মো. মাহাফুজ মোল্যা ছেলে মো. প্রিন্স মোল্যা, শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলাম নামে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।