গল্প হলেও মিথ্যে

 

ব্রত রায়

 

জেলখানাগুলো ফাঁকা পড়ে আছে,

পুলিশের নেই কাজ

আদালতে কারো যেতে হচ্ছে না

মামলাই নেই আজ!!

 

ভিক্ষুক নেই, দেশের মানুষ

সকলেই ভালো আছে

সব ধর্মের মানুষ এখানে

সুখে-শান্তিতে বাঁচে!

 

বাগানে বাগানে ফুল ফুটে থাকে,

পাখিদের কলরবে—

ভরে যায় মন। মানুষ মাতছে

ভয়হীন উত্সবে।

 

ভেজাল, দূষণ? কোথায় পাবেন?

চিহ্নই নেই আর

রাজনীতিতেও শোনা যায় না তো

বিদ্বেষ, চিত্কার!

 

ঐক্য রয়েছে দেশের মধ্যে

সম্পদে সংকটে

বাংলা এখন সত্যিকারের

সোনার বাংলা বটে!

 

আষাঢ়ে গপ্পো শুনে তোমাদের

কেউ কি দিয়েছ হেসে?  

এসব গল্প বেশ জমে এই

ভেজা ভেজা পরিবেশে!