আরও বেশি প্র্যাকটিস ম্যাচ চান ছোটন

সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। কেউ যেন জানতেই পারল না। মেয়েদের দল মিয়ানমারে যেতে পারল না, সেটা নিয়ে ঝড় উঠল। সিঙ্গাপুর জয় করে ঘরে ফিরল মেয়েরা, ঝড় উঠল না। মেয়েরা ঘরে ফিরল কেউ জানলই না। মেয়েরা বাড়ি গেছে। ছুটি শেষ হবে ১৪ মে। কোচ গোলাম রাব্বানী ছোটন আজ কাজে যোগ দেবেন। এরই মধ্যে এএফসি অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবলের দ্বিতীয় রাউন্ডের দল চূড়ান্ত হয়ে গেছে।

৮ গ্রুপ চ্যাম্পিয়ন দলের মধ্যে রয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, ভারত, ফিলিপাইন এবং ইরান। রাউন্ড-২ এ ৮ দল দুই গ্রুপে খেলবে। গ্রুপিং হয়নি। সেমিফাইনালে ওঠা চার দেশ চূড়ান্ত পর্বে উঠবে। সেখানে যোগ দেবে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী বছর ৭-২০ এপ্রিল এশিয়ান কাপের খেলা। চূড়ান্ত পর্বে ওঠার শেষ বাছাই এ বছর সেপ্টেম্বরে, ১৬-২৪। ভেন্যু এখনো বলা হয়নি।

রাউন্ড-২ এ বাংলাদেশের কঠিন লড়াই। গ্রুপে কে প্রতিপক্ষ হবে তা নিয়ে চিন্তা আছে কোচ ছোটনের। তার আগে দুশ্চিন্তা হচ্ছে টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি চলে যাচ্ছেন খবরে। স্মলির ব্যাপারে বলতে গিয়ে ছোটন জানালেন সার্বক্ষণিক সহযোগিতা করেছে।’ মেয়েদের ফুটবল আজকের এই পর্যায়ে আসার স্মলির কাজ নিয়ে জানতে চাইলে ছোটন বলেন, ‘উনার অবদান আছে। অস্বীকার করার কিছু নেই। সব সময় দলের সঙ্গে ছিল। না থাকলে তো কিছু করার নেই। কাজ করতে হবে।’

রাউন্ড-২ এর প্রতিপক্ষের নামগুলো দেখেছেন ছোটন। এ নিয়ে চিন্তা, আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। প্র্যাকটিস ম্যাচ চাইলেন ছোটন। বললেন, ‘প্রস্তুতি ম্যাচ ছাড়া খেলতে যাওয়া কঠিন। আমরা সিঙ্গাপুর যাওয়ার আগে প্র্যাকটিস ম্যাচ খেলেনি। অথচ এই বাছাইয়ের আগে জাপানে গিয়ে টুর্নামেন্ট খেলে এসেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ছিল ইউরোপিয়ান কোচ। রাউন্ড-২ এর সময় আছে চার মাস বাকি। এর মধ্যে প্রস্তুতি আরও ভালো করতে হবে। প্র্যাকটিস ম্যাচও খেলতে হবে।’

ছোটনের চোখে রাউন্ড-২ এর অনেক দেশই চেনা। থাইল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। আরেকবার ২-২ গোলে ড্র হয়েছিল।