পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেলো দিনমজুরের

ফুলবাড়িতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর আলী শুকরু (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী একই গ্রামের মৃত খন্দোবুড়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শুকুর আলী আব্দুর রহিমের আম বাগানে চারা গাছের পরিচর্যা করছিলেন। এ সময় বাগানের মধ্যে খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

তার শরীর বিদ্যুতায়িত হয়ে থাকায় স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষসহ স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রেজাউল করিম তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থল সংলগ্ন পিটিকল কোম্পানির গার্ড আবু তাহের বলেন, দীর্ঘ এক বছর থেকে পল্লী বিদ্যুতের তারটি খুঁটি থেকে ছিঁড়ে ওই বাগানে পড়ে আছে। একাধিকবার লাইনম্যানসহ কর্তৃপক্ষকে জানানোর পরও তারটি সরানোর ব্যবস্থা করা হয়নি। সকাল ১১টায় দুর্ঘটনা ঘটলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন বেলা ২টায়। এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে পড়েন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে মৃত শুকরু লাশ দাফনের জন্য পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। 

আরও পড়ুন: বগুড়া-৬ উপ নির্বাচন: ১১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ফুলবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো. মোকাররম হোসেন বলেন, স্থানীয়দের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রথমে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হই। এরপর বিদ্যুৎ লাইন বন্ধ করা হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ফুলবাড়ি-বিরামপুর) এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সোহেল আকরাম বলেন, তারটি ছিঁড়ে পড়েছিল সে বিষয়ে তাদের জানা ছিল না। তাছাড়া যে তারটি ছিঁড়ে পড়ে ছিল সেটি নিউট্রাল লাইনের। সেখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা না। কি কারণে তারটিতে বিদ্যুৎ প্রবাহিত হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

থানার অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা না ঘটতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/অনি