রাজ্যাভিষেকে সাক্ষী হলেন সোনম কাপুরসহ ৪ ভারতীয়

৭০ বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের  ইতিহাসে নতুন যুগের সূচনা। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হতে চলেছে তার। গোটা বিশ্ব থেকে উপস্থিত থাকবেন মাননীয় অতিথিরা।

এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে ব্রিটেনে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়  ও অভিনেত্রী সোনম কাপুর।

sonom

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যাভিষেকের ভার্চুয়াল কয়্যারের সূচনা করতে অভিনেত্রী সোনম কাপূর সেখানে বক্তব্য পেশ করবেন। এই অনুষ্ঠানে নিজেদের ভ্রাতৃত্বের প্রতিনিধিত্ব করতে উপস্থিত থাকবেন মুম্বাইয়ের দুই 'ডাব্বাওয়ালা'ও । রাজা চার্লসের জন্য উপহার হিসেবে তারা নিয়ে যাবেন, ওয়ার্কারি গোষ্ঠীর তৈরি পুনেরি পাগড়ি ও একটি শাল। রাজা চার্লসের সঙ্গে ক্যামিলিয়ার বিয়েতেও এই 'ডাব্বাওয়ালা'দের আমন্ত্রণ জানানো হয়েছিল।

রাজা তৃতীয় চার্লসের জন্ম ১৯৪৮ সালের ১৪ নভেম্বর, এই বাকিংহাম প্যালেসে। তার যখন ৪ বছর বয়স, তখন তার মা, রানি দ্বিতীয় এলিজাবেথ, গ্রেট ব্রিটেনের সিংহাসনের অধিকারিণী হন। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যকাল শেষ হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, তার প্রয়াণের সঙ্গে সঙ্গে। তারপরই রাজা তৃতীয় চার্লসকে গ্রেট ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু, তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হতে চলেছে আজ ৬ মে, ২০২৩।