ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (০৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত খায়রুল ইসলাম আখাউড়া থানার কনস্টেবল।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে আখাউড়া থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের মাদক কারবারি সেলিম মিয়ার বাড়িতে উদ্ধার অভিযানে যায়। এ সময় সেলিম পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। কনস্টেবল খায়রুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে সেলিম পালিয়ে যায়। গুরুতর আহত খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
আখাউড়া থানার ওসি মো আসাদুল ইসলাম বলেন, মাদক কারবারি সেলিম মিয়ার বাড়িতে উদ্ধার অভিযানে গেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় খায়রুল ইসলাম নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ৪২ জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ জন গ্রেপ্তার হয়েছে। মাদক কারবারি সেলিমসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।