কানের জমকালো আয়োজন, থাকছে বাংলাদেশ!

আগামী ১৬ মে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসবের। ৭৬তম এই আসরটি ঘিরে ফ্রান্সের সাগরপাড়ের শহর কানের দিকে বিশেষ নজর রাখছেন বিশ্ব সিনেপ্রেমীরা। আয়োজকরাও তাদের কৌতূহল মেটাতে উৎসবের উদ্বোধনী-সমাপনী আয়োজন থেকে শুরু করে পুরস্কারের বিভিন্ন শাখা নিয়ে একের পর চমক লাগানো খবর প্রকাশ করছেন। তেমনই কিছু খবর নিয়ে এই আয়োজন—

  • পোস্টারে মা, সঞ্চালনায় মেয়ে

কান উৎসবের অফিসিয়াল পোস্টারে এবার জায়গা করে নিয়েছেন ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভ। তার ১৯৬৮ সালে তোলা একটি সাদাকালো পোস্টারে ব্যবহার করা হয়েছে। পুরো আসরে শুধু তার ছবিই দেখা যাবে এমন নয়। এবারের আসরে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন তার মেয়ে ফরাসি অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি।

  • উদ্বোধকের ঝুলিতে স্বর্ণপাম

উৎসবের উদ্বোধন ঘোষণার পাশাপাশি এবারের আসরে সম্মানসূচক স্বর্ণপাম নিজের করে নিচ্ছেন মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস। সিনেমায় বিশেষ অবদানের জন্য দু-বারের অস্কারজয়ী এই অভিনেতাকে বিশেষ সম্মানে ভূষিত করছেন আয়োজকরা।

  • জনির ছবিতে উৎসব শুরু

প্রায় ৩ বছর পর ‘জান দ্যু ব্যারি’ ছবিটির মাধ্যমে বড়পর্দায় ফিরছেন আলোচিত অভিনেতা জনি ডেপ। এই ছবিটিই কান উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে। এমনকি একইদিন ফ্রান্সের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ‘জান দ্যু ব্যারি’।

  • লালগালিচায় হলিউড!

বরাবরের মতো এবারও লালগালিচায় হলিউড তারকাদের আধিপত্যই বেশি থাকছে। যে তালিকায় রয়েছে জনি ডেপ, লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরো, জুলিয়ান মুর, নাটালি পোর্টম্যান, টম হ্যাঙ্কস, স্কারলেট জোহানসন, মার্গট রবি, স্টিভ ক্যারেল, এডওয়ার্ড নর্টন, আড্রিয়ান ব্রডিসহ অনেকের নাম। এছাড়াও দীর্ঘ ১৫ বছর পর কানে ফিরছেন ইন্ডিয়ানা জোন্স। যাকে বিশেষ সম্মান জানাবে কান।

  • নারী নির্মাতাদের রেকর্ড

এবারের আসরের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে রেকর্ডসংখ্যক সাত নারী পরিচালকের কাজ। যা কানের ইতিহাসে প্রথম। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন এবার এই বিভাগে শেষ হাসি নারী নির্মাতাই হাসবেন।

  • লড়াই করবে যে ছবিগুলো

এবারের আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র ও ১টি টিভি সিরিজ। সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

  • মূল প্রতিযোগিতায় ৯ বিচারক

দু-বারের স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতার রুবেন অস্টলান্ডের নেতৃত্বে এবার স্বর্ণপাম জয়ী নির্বাচন করবেন ব্রি লারসন, পল ড্যানো, মরিয়ম টুজানি, দঁনি মিনোশেঁ, রুঙ্গানো নিয়োনি, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন ও জুলিয়া দুকুরনো।

  • বাংলাদেশের স্টল প্রথমবার

এবারের উত্সবে পালে দে ফেস্টিভ্যাল ভবনে প্রথমবার থাকবে বাংলাদেশের অফিসিয়াল স্টল। উত্সবটির বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রয়াস চালানো হবে। জানা গেছে, মার্শে দ্যু ফিল্মে এবার শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব:একটি জাতির রূপকার’ ছবিটির প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।

  • পর্দা নামাবে ‘এলেমেন্টাল’

২৭ মে সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। কানের অফিসিয়াল সিলেকশনে এর আগেও পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ৩টি চলচ্চিত্র জায়গা পেয়েছে।