দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। যদিও এই সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগের দিন শনিবার আক্রান্ত হয়েছিলেন ১৪ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৮৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী সংখ্যা এক হাজার ৫ জন। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১১ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১২ জন।