নেত্রকোনার কেন্দুয়ায় মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৭ মে) দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন।
আসামিরা হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামের হাবুল বেপারী, তার ছেলে শহীদুল্লাহ ও স্ত্রী সাহিদা বেগম।
জানা যায়, উপজেলার মাইজকান্দি গ্রামের হাবুল বেপারীর ছেলে শহীদুল্লাহ শনিবার সকাল ১০টার দিকে একই গ্রামের ওই শিশুকে বাড়ির পাশে একা দেখতে পেয়ে দোকানে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তার কোলে বসিয়ে তাকে ধর্ষণ করতে থাকে। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে গেলে ওই যুবক পালিয়ে যায়। বিষয়টি যেন জানাজানি না হয় সেজন্য ভুক্তভোগীর মা-বাবাকে হুমকিও দেয় শহীদুল্লাহ ও তার পরিবার। এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।