ব্যবসায়ী-ইউপি সদস্যকে মারধরকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (৭ মে) সন্ধ্যায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির হোসেন নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ ও মেহেদী হাসান জয়কে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া কেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে না- তার উপযুক্ত কারণসহ আগামী ৭ দিনের মধ্যে সংগঠনের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
এর আগে, শুক্রবার রাতে জুতা পালিশ করতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় এক ব্যবসায়ী ও দোকানের কর্মচারীকে মারধর করেন অভিযুক্ত সাব্বির হোসেন নাহিদ ও মেহেদী হাসান জয়। এছাড়া শনিবার বিশ্ববিদ্যালয়ের রাঙ্গামাটি এলাকার পানির ট্যাংকের সামনে সাভারের পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।