বাংলাদেশের তথ্যচিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছেন। জানা যায়, গত ১৬ জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে শুরু হয় ‘মেঘনা কন্যা’ নামের এই সিনেমার শুটিং। কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদের প্রযোজনায় ‘মেঘনা কন্যা’র চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান।
ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন ফুয়াদ চৌধুরী। চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন,‘তথ্যচিত্রের কাজ করতে গিয়ে এমন অনেক গল্পের মুখোমুখি হয়েছি, যেগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়া বলা সম্ভব নয়। 'মেঘনা কন্যা' তেমনই একটা গল্প। নারী পাচারের মতো একটি কঠিন বিষয়কে একদিকে যেমন দর্শকের সামনে উপস্থাপন করছি, একই সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা এ গল্পে রয়েছে দর্শকদের জন্য পর্যাপ্ত বিনোদন।’
ইতোমধ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুফিকশন নির্মাণ করেছেন। যেগুলো দেশে ও বিদেশে হয়েছে প্রশংসিত, পেয়েছে পুরস্কার।
মেঘনা কন্যা চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি, সাজ্জাদ হোসোইন, নওশাবা, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে।