রিকশাচালককে পেটালেন আইনজীবী, ভিডিও ভাইরাল

যশোরে এক নারী আইনজীবীর বিরুদ্ধে তুচ্ছ ঘটনায় রিকশাচালককে মারধর ও জুতাপেটা করার অভিযোগ উঠেছে। রোববার (৭ মে) দুপুরে যশোর আদালতের সামনে এ ঘটনা ঘটে।  মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। 

অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রাণী ঘোষ। তিনি শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী। 

jeshor riksadriver-2

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ওই নারী আইনজীবী এক রিকশাচালককে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। ওই আইনজীবীকে রিকশাচালকের লাইসেন্স বাতিল করার হুমকি দিতেও দেখা যায়। এ সময় রিকশাচালক হাত জোর করে মাফ চান। রিকশাচালকের বার বার আকুতি-মিনতির পরও ওই আইনজীবী আরও চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকে। পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে তিনি ক্ষান্ত হন। পরে ওই রিকশাচালক সেখান থেকে চলে যান। 

jeshor riksadriver-3

অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, সড়ক অতিক্রম করার সময় ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন। 

যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ওই আইনজীবীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।