ফরিদপুরের চরভদ্রাসনের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এক বছরের বেশি সময় ধরে সংস্কার করা হয়নি। দায়সারাভাবে কাঠের মাচাল দিয়ে জাতীয় অনুষ্ঠান সম্পন্ন করলেও বেশিরভাগ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ফলে পথচারীরা প্রায়শই আঘাতপ্রাপ্ত হন। প্রতি বছর এই উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এক বছরেও সংস্কার করা হয়নি এই ভবন।
জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ২০১৯ সালের ২৬ জুলাই উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক ও ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। উদ্বোধনের বছর দুয়েকের মধ্যেই ভবনের সামনের রিংস্ল্যাব ও পানির লাইন নষ্ট হয়ে যায়। কিন্তু এক বছরেও বার বার তাগাদা দেওয়ার পর মেরামত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এ ভবনে আসা বীর মুক্তিযোদ্ধা ও পথচারীদের।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার বলেন, এই রিংস্ল্যাব ও পানির লাইন মেরামত করতে একটি হিসাব দেওয়ার কথা ছিল উপজেলা স্থানীয় সরকার বিভাগের। এমন কোনো তালিকা না পাওয়ায় প্রকল্প নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বাধন বলেন, সাবেক ইউএনও কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন। রিংস্ল্যাবটি মেরামত ব্যয়ের একটি হিসাব উপজেলা পরিষদে জমা দেওয়া হলেও এটি তারা কোনো প্রকল্প দিতে পারেনি। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পর এটি মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও বঙ্গবন্ধুর ম্যুরালের সামনের অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এখনো মেরামত হয়নি।