প্রতারণা, জাল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিমসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সোমবার (৮ মে) একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদের, কলেজের প্রভাষক রত্মা খানম ওরফে রত্মা বেগম ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ও বর্তমানে নারায়নগঞ্জ তোলারাম সরকারি কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান সায়েরা বেগম।
জানা যায়, কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব আবদুল কাদিরের যোগসাজসে কম অভিজ্ঞতা থাকা সত্বেও পূর্ববর্তী কলেজের ছাড়পত্র দাখিল না করে ও পূর্ববর্তী কলেজের সাময়িক বরখাস্তের কথা উদ্দেশ্য প্রণোদিতভাবে গোপন রেখে অধ্যক্ষ পদে নিয়োগ পান।
এ ছাড়া কলেজের অধ্যক্ষ আবদুর রহিম তার স্ত্রী রত্না খানম ওরফে রত্না বেগমকে কলেজে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার অসৎ উদ্দেশ্যে সমাজকল্যাণ বিভাগের পরিবর্তে পরিকল্পিতভাবে বাংলা বিভাগ চালু করে নিয়োগ পরীক্ষার জন্য মাউসির ডিজির মনোনীত প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সায়েরা বেগমের যোগসাজসে তাকে নিয়োগ দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় তদন্ত প্রতিবেদন ও সংশ্লিস্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাসুম আলী।