সিদ্ধিরগঞ্জে মুড়ি-মোয়ার মতো বিক্রি হচ্ছে মাদক

সহজলভ্য হওয়ায় মাদকে ঝুঁকছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যুবসমাজ। দীর্ঘদিন মুড়ি-মোয়ার মতো বিক্রি হচ্ছে নানা মাদকদ্রব্য।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০নম্বর ওয়ার্ড রয়েছে সিদ্ধিরগঞ্জের মধ্যে। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে রয়েছে মাদক ক্রেতা ও বিক্রেতাদের অবাধ বিচরণ। সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড, বিদ্যুৎ কেন্দ্র, ডিপিডিসি, র‌্যাব-১১-এর সদর দপ্তর, বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান অবস্থিত। একাধিক শিল্প প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থাকায়  এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ থানার অলিগলিতে প্রকাশ্যে মাদকের রমরমা কারবার করে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে উদীয়মান শিক্ষার্থীরা। সিটি করপোরেশনের ১, ৬ ও ৭নম্বর ওয়ার্ড বর্তমানে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আর এসব ওয়ার্ডের রাঘববোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে বিক্রি করছে মাদক। সিদ্ধিরগঞ্জে মাদকের হটস্পটগুলো হলো ১নম্বর ওয়ার্ডের হীরাঝিল মাঠ ও পুরোনো পট্টি, মিজমিজি টিসি রোডস্থ হোসেনের বাড়ির আশপাশ, পাগলাবাড়ী, বাতানপাড়া ক্যানেলপাড়, মজিববাগ, সিআইখোলা ও পাইনাদী নতুন মহল্লা কলশি বিল্ডিংয়ের খালপাড়। ২নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া বিল, দশপাইপ শহীদ নগর ডাম্পিং ও হাজেরা মার্কেট। ৩নম্বর ওয়ার্ডের রসূলবাগ, বিক্রমপুর বোর্ডিংয়ের আশপাশ, গ্রীন গার্ডেন রেস্টুরেন্টের পেছনে, বায়তুল সালাম জামে মসজিদ এলাকা এবং আদর্শ নগরের রিকশার গ্যারেজ।

৪নম্বর ওয়ার্ডের আটি হাউজিং, বাগানবাড়ী, শিমরাইল মোড় ট্রাকস্ট্যান্ড, পরিত্যক্ত টাইগার মিল, মনোয়ার জুট মিল ও তাজ জুট মিল। ৫নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীরপাড়, সাইলোগেট ট্রাকস্ট্যান্ড, আজীবপুর এবং কলাবাগ এলাকা। মাদকের হটস্পট খ্যাত নাসিকের ৬নম্বর ওয়ার্ডের আদমজী বিহারি ক্যাম্প, সুমিলপাড়া রেললাইন, চরশিমুলপাড়া, নতুনবাজার, এসও রোড কবরস্থানের আশপাশে, এসও রোড ও চরশিমুলপাড়া সাধুর ঘাট, মুনলাইট এবং ক্রাউন ও সাতঘোড়া সিমেন্ট কোম্পানির আশপাশের এলাকা। ৭নম্বর ওয়ার্ডের কদমতলী ১০ তলা সংলগ্ন এমডব্লিউ কলেজের পেছন অংশ, কদমতলী মধ্যপাড়ার মনিরের মাঠ। ৮নম্বর ওয়ার্ড এনায়েতনগরের মেম্বার বাড়ির পেছনে এবং ক্যানেলপাড় এলাকা।

সিদ্ধিরগঞ্জ  কদমতলী এলাকার এক কলেজছাত্র জানান, একসময় এলাকার কিশোর তরুণরা ফুটবল ও ক্রিকেটে মগ্ন থাকতেন। আর এখন তারা মাদকে আসক্ত। এখনই যদি মাদক নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে সামনে আরো ভয়াবহ দিন আসবে।

সুমিলপাড়া এলাকার এক বাসিন্দা জানান, ঘর থেকে বের হলেই দেখেন মাদক কেনাবেচা। দিনরাত চলে এর রমরমা ব্যবসা।

নাসিক ১নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। তিনি চান প্রশাসন দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, প্রশাসন সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালু রেখেছে। ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযানের জন্য বৈঠক করেছেন। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে মাদকের বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করা হবে।