মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদার ও চাকরি খোঁজার জন্য জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট লিংকডইন। প্রতিষ্ঠানটি আবারও কর্মীদের ছাঁটাই করেছে। সোমবার (৮ মে) ৭১৬ জন শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয় তারা। সংস্থাটি চীন কেন্দ্রিক চাকরির জন্য আবেদন করাও বন্ধ করবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০ হাজার কর্মীর কোম্পানি লিংকডইন গত বছরের প্রতি ত্রৈমাসিকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটিও ছাঁটাইয়ের তালিকায় যোগ দিয়েছে।
লিংকডইন মূলত বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জন করে। এছাড়া নিয়োগ ও বিক্রয় পেশাজীবীদের সাবস্ক্রিপশন থেকেও আয় করে প্রতিষ্ঠানটি। অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বজুড়ে শ্রমবাজার এখন অস্থিতিশীল। প্রতিবারই বড় বড় কোম্পানিগুলো ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
এরই মধ্যে কয়েকটি কোম্পানি বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। ২০২২ সালের শেষের দিকে গুগল, মেটা ও টুইটারসহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রথমবারের মতো বিশ্বে কর্মী ছাঁটাই শুরু করে। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে।
প্রযুক্তি প্রতিষ্ঠান ছাড়াও ফাইন্যান্স, মিডিয়া, অটোমোটিভসহ বিভিন্ন খাত থেকে কর্মী ছাঁটাই চলছে। কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে লিংকডইনের সিইও রায়ান রোসলানস্কি জানান, প্রতিষ্ঠানটির সেলস, অপারেশন ও সাপোর্ট টিম থেকে কর্মী ছাঁটাই করা হবে।
রোসলানস্কি ওই চিঠিতে আরও জানান, সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খল করার জন্য এই পরিবর্তনের সিদ্ধান্ত দ্রুত নিতে হয়েছিল। তবে এই পরিবর্তনের ফলে আরও ২৫০টি নতুন পদ সৃষ্টি হবে।
লিংকডইন জানিয়েছে, চ্যালেঞ্জিং পরিবেশের কারণে তারা চীন থেকে তাদের জব অ্যাপ ইনক্যারিয়ারসও সরিয়ে নিচ্ছে। ৯ আগস্টের মধ্যে অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, তবে অ্যাপটি বন্ধ হয়ে গেলেও চীনে ভিন্নভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। যাতে চীনে কর্মরত কোম্পানিগুলোকে দেশের বাইরে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে সহায়তা করা যায়। এর আগে গত ফেব্রুয়ারিতে লিংকডইন তাদের রিক্রুটিং ডিপার্টমেন্ট থেকে কর্মী ছাঁটাই করে।
গত জানুয়ারিতে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, যা প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যার প্রায় ৫ শতাংশ। মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন এই ঘোষণার এক মাসের মধ্যে কর্মী ছাঁটাই করছে।
সম্প্রতি বহুজাতিক কোম্পানি অ্যামাজন ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে। এটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।